খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস । প্রথম ম্যাচে নবাগত সিলেট সিক্সার্সের কাছে হেরে আসরের যাত্রা শুরু করেছিল ঢাকা । তবে প্রথম ম্যাচের হারের দুঃস্বপ্ন কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই ঢাকা পেয়েছে জয়ের দেখা । আজ তারা ৬৫ রানে হারিয়েছে খুলনা টাইটান্সকে ।
রবিবার সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২০২ রানে বিশাল স্কোর গড়ে ঢাকা । জবাবে খুলনা ১১ বল বাকি থাকতেই অল আউট হয় ১৩৭ রানে ।
ঢাকার হয়ে ৬৬ রান করেন ওপেনার এভিন লুইস । এর মধ্যেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই সেঞ্চুরি করা এই ক্যারিবিয়ান আজ ঝড় তোলেন সিলেটে । মাত্র ৪০ বলের ইনিংসে মারেন সাতটি চার আর তিন ছক্কা ।
এছাড়া ঢাকার হয়ে আগুন ঝড়ান ক্যামেরন ডেলপোর্ট । এই প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ৩১ বলে করেন ৬৪ রান । মারেন চারটি চার আর পাঁচ ছক্কা ।
খুলনার হয়ে দুইটি করে উইকেট নেন আবু জায়েদ আর শফিউল ইসলাম । জবাবে আবু হায়দার রনিদের দারুণ বোলিংয়ে ১৩৭ রানেই মুখ থুবড়ে পড়ে খুলনা । দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার চ্যাডউইক ওয়ালটন । রনি নেন ঢাকার হয়ে তিন উইকেট । দুটি করে উইকেট পান অধিনায়ক সাকিব , খালেদ আহমেদ আর শুনিল নারিন । ম্যাচ সেরা হয়েছেন ক্যামেরন ডেলপোর্ট ।











