স্টাফ রিপোর্টার- মহান মে দিবস ও বিশ্ব শ্রমিক সংহতি দিবস উপলক্ষে কুয়েতের বুকে এক টুকরো বাংলাদেশ মেতে উঠেছিল ফুটবল উন্মাদনায়। শুক্রবার (১ মে) কুয়েতের বয়ান এলাকার স্থানীয় ফুটবল মাঠে প্রবাসী বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা স্পোর্টিং ক্লাব ও খুলনা স্পোর্টিং ক্লাব।
কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে পুরো মাঠ যেন একটি ছোটখাটো বাংলাদেশে পরিণত হয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও প্রতি-আক্রমণে দর্শকদের দারুণ রোমাঞ্চ উপহার দেয়। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত ঢাকা স্পোর্টিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে এক স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত খুলনা স্পোর্টিং ক্লাব গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও ঢাকার রক্ষণভাগ ভাঙতে তারা ব্যর্থ হয়।
এই ফুটবল উৎসবে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি খেলোয়াড়দের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন ঢাকা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া এবং একই সংগঠনের উপদেষ্টা হুমায়ুন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোর একাডেমি ও ঢাকা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এবং স্টার কম্বাইন্ড কোম্পানির চেয়ারম্যান মোজাহার আলী সানা, ঢাকা স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি সোহেল রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন মনির, খুলনা স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি মো. হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, ঢাকা স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ কমিউনিটির আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে মে দিবসের এই আয়োজন যেমন শ্রমিক সংহতিকে সুদৃঢ় করেছে, তেমনি কুয়েতের মাটিতে বাংলাদেশের ফুটবল ঐতিহ্যকে গৌরবের সাথে তুলে ধরেছে।











