ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, মূলত দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের গ্রেফতার করছে। তারই শিকার হলেন আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুয়েলকে গ্রেফতার করা হলেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কেউ বিপর্যস্ত হবে না, বরং আরো বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চলমান নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী হয়ে উঠবে।
খালেদা জিয়া আরো বলেন, দেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির এগিয়ে আসার কোনো বিকল্প নেই। তা না হলে জনসমাজে কারো কোনো নিরাপত্তা থাকবে না।
তিনি বলেন, আমি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেয়া হয়েছে।
উল্লেখ্য, এ সময় অসুস্থ ও শয্যাশায়ী হয়ে পড়া আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর বাসায় তাঁকে দেখতে আসা মনোহরদী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রনি’সহ আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ গ্রেফতার হয়।











