রাজধানীর রূপনগর থানা এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তার ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান অগ্রদৃষ্টিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জানান, বাবুল হোসেনের স্ত্রী কুলসুম কয়েক বছর ধরে দুবাই ছিলেন। ১০ দিন আগে তিনি দুবাই থেকে দেশে ফিরেন। আসার পর তিনি জানতে পারেন তার স্বামী বাবুল অন্য নারীর সঙ্গে মন আদান-প্রদান করছেন। এ নিয়ে তাদের মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাক-বিতন্ডা হয়। এর এক পর্যায়ে কুলসুম রাগ করে তিনি পল্লবী থানার দুয়ারীপাড়া ভাইয়ের বাসায় চলে যান।
সকালে কুলসুম বাসায় এসে দেখেন দরজা বন্ধ। অনেক ডাক চিৎকার করলে স্বামী ঘরের দরজা খোলেন নি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ভেতের ঢুকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় বাবুলের মরদেহ উদ্ধার করে।
বিয়ের পর থেকে তারা রাজধানীর রূপনগর থানার ৩ নম্বর রোডের ৪১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।











