জাকির সিকদার, স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার উলাইলে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মালিকানাধীন পুকুর থেকে অজ্ঞাত যুবতীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের নিকট একটি মশার কয়েল তৈরীর কারখানর পাশে এ পুকুরে লাশটি ভাসমান ছিল। পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মালিকানাধীন ওই পুকুরে অজ্ঞাত এক যুবতীর (২৫) মৃতদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুকুরপাড় থেকে নিহতের ওড়না ও এক জোড়া
জুতা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পাশবিক নির্যাতন শেষে তাকে শ^াসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় অপর একটি সূত্রে জানা গেছে, পুকুরের নিকট জনৈক বাবুলের মশার কয়েলের ফ্যাক্টরিতে এ নারীকে প্রায়ই দেখা যেত। সূত্র জানায়, অবৈধ মশার কয়েল তৈরীর এ কারখানাটি নানা রকম অপকর্মের আখড়া।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কারা এ হত্যাকান্ডে জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।











