স্পোর্টস ডেস্কঃ বলের নিয়ন্ত্রণ আর আক্রমণে চেনা বাংলাদেশকে দেখা গেল বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে। তাতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের হতাশা কিছুটা হলেও কাটাতে পারল মামনুলরা। শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে গোল্ড কাপে দারুণ সূচনাও পেলো মারুফুল হকের দল।
বাংলাদেশের শাখাওয়াত হোসেন রনি দুটি, নাবীব নেওয়াজ জীবন ও ইয়াসিন খান একটি করে গোল করেন।
শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের একাদশ জয়। গোল্ড কাপেও দলটির ওপর আধিপত্য ধরে রাখল মামুনুলরা; গত আসরে শ্রীলঙ্কাকে হারিয়েই সেমি-ফাইনালে উঠেছিল তারা।
জয়ে শুরু পাওয়ায় তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ। আগামী ১২ জানুয়ারি গ্রুপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে মামুনুলরা।
২০১৪ সালের অক্টোবরে যশোরের এ মাঠেই শ্রীলঙ্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। চেনা মাঠে, গ্যালারি ভর্তি দর্শকের সামনে এবার জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে মামুনুলরা।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুক্রবার ম্যাচে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে ছাড়াই সেরা একাদশ সাজান বাংলাদেশ কোচ মারুফুল হক। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া মামুনুলরা।
তৃতীয় মিনিটে রনির ক্রসে কেউ পা লাগাতে না পারায় এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। সপ্তদশ মিনিটে রনিই স্বাগতিক সমর্থকদের গোলের আনন্দে ভাসান। ডান দিক থেকে জাহিদের মাপা ক্রসে দারুণ প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
তিন মিনিট পরই বাংলাদেশের এগিয়ে যাওয়ার আনন্দ উবে যায়। বক্সের মধ্যে নাসিরউদ্দিন চৌধুরী দানানজু ডি সিলভাকে ফাউল করলে পেনাল্টি পায় শ্রীলঙ্কা। এডিসন ফিগুরাডো গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে প্রতিরোধের কোনো সুযোগই দেননি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












