খেলাধুলা ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের বড় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল । দুই বড় দলের লড়াইয়ে অবশ্য ছিল না তেমন প্রতিদ্বন্দ্বিতার আমেজ । দারুণ ফর্মে থাকা ম্যান সিটি ম্যাচটা জিতে নিয়েছে অনেকটা একপেশে খেলেই । এই জয়ে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে সবার উপরে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে সিটিজেনরা ।
রবিবার নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে ম্যান সিটি । যদিও খেলার ধারা অনুযায়ী আরও বড় ব্যবধানে সিটিজেনরা জিতলেও অবাক হবার কিছু ছিল না ।
এই ম্যাচ জিতে দারুণ কিছু রেকর্ডও গড়েছে সিটিজেনরা । এবারের লীগে এটি ছিল পেপে গার্দিওলার দলের টানা নবম জয় । যা তাদের এক মৌসুমে সর্বাধিক টানা জয়ের রেকর্ডের সমান । এছাড়া চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ জিতল সিটি । যার মধ্যে ক্যারাবাও কাপে সাউথহ্যাম্পটনের বিপক্ষে তাই ব্রেকারের জয়টাও আছে । এটিও ম্যান সিটির ক্লাব ইতিহাসের নতুন রেকর্ড ।
আজকের ম্যাচের ১৯ মিনিটে কেভিন ডি ব্রুয়েনের গোলে প্রথম এগিয়ে যায় সিটিজেনরা । দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে সিটিজেনরা দ্বিতীয় গোল পায় পেনাল্টি থেকে । বক্সের মধ্যে গানার ডিফেন্ডার নাচো মনরিয়েলের শরীরের সাথে ধাক্কা লেগে পড়ে যান রাহিম স্টারলিং । তাতেই পেনাল্টি পায় স্বাগতিক ম্যান সিটি । এই পেনাল্টি কাজে লাগিয়ে ম্যান সিটিকে ২-০ গোলে এগিয়ে নেন সার্জিও আগুয়েরো ।
এবারের লীগে আগুয়েরোর এটি অষ্টম গোল । তিনি এখন লীগের দ্বিতীয় সেরা গোলদাতা । খেলার ৬৫ মিনিটে অ্যালেক্সান্ডার লেকাজাত্তে একটি গোল শোধ করেন গানারদের হয়ে । কিন্তু ৭৪ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসের গোলে ৩-১ এর জয় নিশ্চিত হয় ম্যান সিটির ।
এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট পাওয়া ম্যান সিটি এখন লীগ টেবিলের সবার শীর্ষে । আর হেরে যাওয়া আর্সেনাল ১৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে ।











