
- ভিডিওর স্থির চিত্রে অমর কিশোর রাজন।
বাংলাদেশের সিলেটে কিশোর সামিউল আলম রাজন হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার প্রচেষ্টার অভিযোগে কর্তৃপক্ষ জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
সিলেট পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানাচ্ছেন, পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে তাকে সিলেট থেকে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এর আগে এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে যে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়, তার রিপোর্টে বলা হয়েছে আলমগীর হোসেনের গাফিলতির কারণেই এই হত্যা মামলার একজন আসামি কামরুল ইসলাম সৌদি আরবে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই কমিটির সুপারিশে একই সাথে জালালাবাদ থানার দুই এসআই জাকির হোসেন ও আমিনুল ইসলামকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, রাজন হত্যার ঘটনা ফাঁস হওয়ার পরপরই এরকম অভিযোগ উঠেছিল যে মামলার একজন অন্যতম আসামী পুলিশের সহায়তায় সৌদি আরবে পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহত রাজনের বাবা এমন অভিযোগও করেন যে শুরুতে এই ঘটনার ব্যাপারে মামলা গ্রহণ এবং তদন্তে পুলিশের দিক থেকে গড়িমসি করা হয়।
রাজনকে গত ৮ই জুলাই সিলেটে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
পুরো ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়।











