জাকির সিকদারঃ রাজধানীর উপকন্ঠ সাভারে পৃথক ঘটনায় দুই গৃহবধূ খুন হয়েছেন। এরমধ্যে আশুলিয়ায় রুমি আক্তার নামের (২২) এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শেরআলী মার্কেট এলাকার জনৈক মোজাম্মেল মিয়ার বাড়িতে এ খুনের ঘটনা ঘটে। নিহত গৃহবধুর স্বামী হাসান মিয়া জানান, গত কয়েক মাস আগে সে ও তার স্ত্রী রুমি শেরআলী মার্কেট এলাকায় মোজাম্মেল নামের এক ব্যক্তির তিন তলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখান থেকে তিনি কুটুরিয়া এলাকায় একটি দোকানে ওষুধ বিক্রি করে সংসার চালাতেন। সকালে তিনি তার স্ত্রী রুমি ও দেড় বছরের মেয়ে শিশু সুমিকে বাসায় রেখে দোকানে ওষুধ বিক্রি করতে যান। পরে দুর্বৃত্তরা সকাল দশ টার দিকে তার ফ্ল্যাটে ডুকে রান্না ঘরে তার স্ত্রী রুমিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে দুপুর ১২ টার দিকে তার শিশুর চিৎকার শুনে প্রবিবেশীরা ঘরে গিয়ে তার স্ত্রীর লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, কারা ওই নারীকে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ওই গৃহবধূ কুমিল্লার মুরাদনগর থানার নওয়াপাড়া গ্রামের ফরিদউদ্দিনের মেয়ে। অপরদিকে বৃহম্পতিবার ভোর রাতে যৌতুকের টাকা না পেয়ে সাভারের আমিনবাজার বসুধা বস্তিতে নাসিমা বেগম নামের (২৫) এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। একই দিনে দুই নারী খুন ও এক জনের লাশ উদ্ধার হওয়ায় সাভার ও আশুলিয়ার স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।











