এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঢাকা থেকে সিলেটগামী বাস ছাড়তে দেরি করায় যাত্রীদের গণপিটুনীতে শ্যামলী পরিবহনের চালক শিবু চন্দ্র দে ওরফে দেবানাথ (৪৫) মারা গেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত শিবুর বাবার নাম মৃত হরিবোল চন্দ্র দে। সিলেট জেলার জাফলংয়ে তার বাড়ি।
যাত্রীদের অভিযোগ, তারা রাত ৮টা থেকে বাসে বসে আছে। ছাড়ব ছাড়ব করে ১১টার পার করে দিলেও বাস ছাড়েনি এর চালক।
বাসের হেলপার শামীম জানান, রাতে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে সিলেট ছাতকের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে সায়েদাবাদ জনপদ মোড় ৬ নম্বর কাউন্টারে আরও যাত্রী নেওয়ার জন্য বাস থামানো হয়। এতে বাসে থাকা অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে চালককে ধাক্কা দিয়ে ইঞ্জিন কভারের ওপর ফেলে গণধোলাই দেয়।
পরে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাসের যাত্রীরা সবাই নেমে চলে গেছেন। আর বাসের হেলপার মারপিটের ভয়ে আগেই পালিয়েছেন। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











