জগলুল হুদা :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চল খ্যাত আমুচিয়া কড়লডেঙ্গা ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কগুলোর জোয়ার ও অতিবৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে গাড়ি চলা দূরের কথা, হেঁটে চলাও কষ্টসাধ্য। বিশেষ করে বদরশাহ ও ধোরলা কালীবাড়ি সড়কে। অনুসন্ধানে জানা যায়, বোয়ালখালীর নামকরণ হযরত বু-আলী কালন্দর শাহর (রা.) নাম অনুসারে। এ জনপথে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও হিন্দু ও বৌদ্ধরা কম নন। আমুচিয়া শাহ্ মজিদিয়া দাখিল মাদরাসা, কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসা, ইউনুছিয়া আজিজুল উলুম মাদরাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার উৎপত্তিস্থল চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রম, বৌদ্ধ ধর্মের অন্যতম নিদর্শন বোধিবৃক্ষসহ নানা স্থাপনা রয়েছে বেয়ালখালীর পূর্বাঞ্চলে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজা এবং আগামী ১২ অক্টোবর মহালয়া উপলক্ষে সরকারের মন্ত্রী, এমপি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আগমন ঘটে মেধসমুনি আশ্রমে। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হবে আগতদের। এ এলাকায় রয়েছে অপার সম্ভাবনাময়ী পর্যটন এবং তীর্থস্থান। এছাড়াও কড়লডেঙ্গা-আমুচিয়া নয়নাভিরাম পাহাড় যেখানে প্রতিদিন দর্শনার্থীরা বিভিন্ন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। রয়েছে রাবার বাগান, ডেইরি ফার্ম, লেবু বাগান, পেয়ারা বাগান, লিচু বাগানসহ অন্যান্য বাগান থেকে উৎপাদিত পণ্য সারাদেশে সরবরাহ হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল দে জানান, দুটি ইউনিয়নের প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। অতীতের সরকার, এমপি, চেয়ারম্যান সড়কগুলোর উন্নয়ন করার বার বার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি এখনো। অবহেলিত পূর্বাঞ্চল সড়ক উন্নয়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ মো. রবিউল হোসাইন বলেন, শুধু চলাচলে দুর্ভোগ নয়, যোগাযোগ ব্যবস্থা না থাকায় এলাকার অনেক শিক্ষিত ছেলেমেয়েকে উন্নত কোনো এলাকায় বিয়েও দেয়া যাচ্ছে না! এ নিয়ে বোয়ালখালীর পূর্বাঞ্চলের মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার ও হতাশা বিরাজ করছে দীর্ঘদিন ধরে।











