মৌলভীবাজার থেকে:: আগামী বুধবার বিকেলে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারে বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর দাফন সম্পন্ন হবে।
এরআগে ওইদিন বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্র জানায়, মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে মহসিন আলীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। পরদিন বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মৌলভীবাজারে নিয়ে আসা হবে।
মহসিন আলীর ছোট ভাই সৈয়দ সলমান আলী অগ্রদৃষ্টিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মহসিন আলীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার আগে মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সৈয়দ মহসিন আলী।











