ঘরের মাঠে টি-টোয়েন্টির জমজমাট আসর। রাত পোহালেই শুরু হয়ে যাবে মাঠের লড়াই। বিদেশি সব তারকা ক্রিকেটাররা ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনেক বিদেশি ক্রিকেটারও বিপিএলের এই আসর নিয়ে রোমাঞ্চিত। কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যান সাব্বির রহমানের কাছে এই টুর্নামেন্টটি কেবলই প্রস্তুতির!
আগামী বছরের শুরুতেই বাংলাদেশে বসবে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর। এরপই ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে বিপিএলের ম্যাচগুলোকে অনুশীলন হিসেবে দেখছেন বরিশাল বুলসে নাম লেখানো সাব্বির।
শনিবার মিরপুর একাডেমি মাঠে বরিশালের অনুশীলন শেষে মারকুটে এই ব্যাটসম্যান বলেন, ‘এটা অনেক বড় একটা আসর। এরপর এশিয়া কাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এগুলোতে খেলতে যাওয়ার আগে এটা অনেকটা অনুশীলন ম্যাচের মত হচ্ছে। সব খেলোয়াড়রা অ্যাকটিভ থাকবে। অনুশীলন ম্যাচ বলেন আর ওয়ার্ম আপ ম্যাচ বলেন ভালো একটা অনুশীলন হবে।’
অনুশীলন ভাবলেও এই টুর্নামেন্ট নিজের লক্ষ্য ইতিমধ্যেই নির্ধারণ করে ফেলেছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। লক্ষ্যে পৌঁছাতে পারলে তা পরবর্তীতে কাজে দেবে বলে তার বিশ্বাস, ‘আমি আমার কিছু পরিকল্পনা করেছি। আশা করি তা কাজে লাগাবো। আর চেষ্টা যদি ভালো হয় তাহলে পরবর্তীতে সিরিজে তা কাজে লাগাতে পারবো।
বরিশাল বুলসের হয়ে ৪-৫ নম্বরে ব্যাট করবেন তরুণ এই ব্যাটসম্যান। লক্ষ্য শেষ পর্যন্ত খেলে আসা, ‘আমি হয়তো ৪-৫ এ খেলব। দলকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটাই আমার মূল পরিকল্পনা যে শেষ পর্যন্ত দলকে সাপোর্ট করা।’
অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বলিশাল মাঠের লড়াইয়ে ভালো করবে বলেই সাব্বিরের বিশ্বাস। কারণ তার মতে যারা দলে আছে সবাই দক্ষ, ‘আমাদের দলে অনেক সক্ষম খেলোয়াড় আছে, রিয়াদ ভাই আছে আমি আছি, রনি তালুকদার আছে। আশা করি একজন আউট হলে আরেকজন ধরে খেলবে।’











