এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের কুড়িগ্রামে শিল্পীর কবরে পাশে জন্মবার্ষিকী পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের চিত্রা নদীর পাড়ে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মেছের আলী ও মায়ের নাম মাজু বিবি। বাবা মা আদর করে নাম রাখেন লাল মিয়া।
তাঁর অসাধারণ তুলির আচঁড়ে বিশ্বখ্যাত চিত্রশিল্পী হিসেবে পরিচিতি লাভ করে। লাল মিয়া থেকে হয়ে যান শেখ মোহাম্মদ সুলতান (এসএম সুলতান)। শিল্পী সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তাঁর তুলিতে ফুটে উঠেছে গ্রাম বাংলার মেহনতি মানুষের চিত্র।
জন্মবার্ষিকীতে এসএম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, চিত্রা থিয়েটার, সর্প্তষি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সংগ্রহশালা চত্বরে দুই শতাধিক শিশুর অংশগ্রহণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে শিশুস্বর্গে শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু , সাংস্কৃতিক সংগঠক শেখ হানিফ প্রমুখ।
এসময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন সিকদার, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার শীল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রওশন আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল কবীর টুকু, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নারী নেত্রী রাবেয়া ইউসুফ, আঞ্জুমানআরা, রওশনআরা কবির লিলি প্রমুখ সহ অনুষ্ঠানে সুলতানপ্রেমী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি স্বরুপ পুরস্কার, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি তার অগণিত ভক্তদের কাঁদিয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











