বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার চেতনাকে হত্যা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ সভানেত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চিত্রগাঁথায় শোকগাঁথা শীর্ষক ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এ প্রদর্শনীর আয়োজন করেছে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করার মাধ্যমে দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছে। ষড়যন্ত্র করে দেশের অগ্রযাত্রাকে আর ব্যহত করা সম্ভব না বলে মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে মন্তব্য করে
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট আমরা যে কেবল জাতির পিতাকে হারিয়েছি তা নয়, এ হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর বঙ্গবন্ধুর নাম নেয়া যেত না। মুক্তিযুদ্ধের নাম নেয়া যেত না।
তিনি বলেন, বঙ্গবন্ধূকে হত্যার পর সংবিধান পরিবর্তন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেয়া হয় এবং ইতিহাসও বিকৃত করা হয়।
বাংলাদেশ একদিন উন্নত-সমৃদ্ধ হয়ে বিশ্ব সভায় মর্যাদার আসনে বসবে মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতিকে শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়া। বঙ্গবন্ধুর সে স্বপ্নের পথে দেশ এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর্লভ কিছু ছবি নিয়ে সংসদের দক্ষিন প্লাজায় শুরু হয়েছে তিনদিনব্যাপী প্রদশর্নী। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে প্রদশর্নী ঘুড়ে দেখেন প্রধানমন্ত্রী।











