এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে জেলহাজতে পাঠানোর আদেশ দানের পর মাত্র পৌনে একঘণ্টা পরে ওই আদেশ বাতিল করে তার জামিন প্রদান করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিএমএম কোর্টে মোসাদ্দেক আলী ফালু আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। একই সঙ্গে বাড্ডা থানার নাশকতার ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এই আদেশ দেয়।
আদালতের আদেশে ফালুকে কারাগারে নেওয়ার জন্য আদালতের গারদখানায় রাখা হয়। সেখানে থাকা অবস্থায় তার আইনজীবীরা ‘অসুস্থ বিবেচনায়’ ফের জামিনের আবেদন করলে আদালত তা গ্রহণ করে।
ফালুর পক্ষে আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। জামিনের বিরোধিতা করেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুল্লাহ আবু।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নাশকতার এ মামলা দায়ের করেন।
এরপর ২৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই আক্তারুজ্জামান সরকার ফালুসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, এই মামলার চার্জশিট আনা না পর্যন্ত তাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার চার্জশিট আসার পর ফালু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











