ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ঢুকে মাতলামির অভিযোগে এক যুবককে পিটিয়েছেন ছাত্রীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা বুধবার রাতে তাকে পুলিশে সোপর্দ করে। তবে আটক যুবকের নাম জানা না গেলেও তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ।
প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, ওই যুবক নেশা করে। সে হেরোইন খেয়ে সন্ধ্যার পর রোকেয়া হলে ঢুকে মাতলামি শুরু করে। এসময় ছাত্রীরা তাকে পিটিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। পরে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বহিরাগত ওই যুবককে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলীর কাছে সোপর্দ করে।
এ বিষয়ে এসআই সাহেব আলী জানান, ওই যুবক হেরোইন খেয়ে রোকেয়া হলের পূর্বপাশ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে প্রক্টর টিমের সদস্যরা তাকে ধরে আমার কাছে দেন। তাকে মারধর করায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।











