বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল সোমবার সন্ধ্যায় একজন ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।
নগরীর গুলশানে এই ঘটনা ঘটে, তবে এর কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
পুলিশ জানিয়েছে, গুলশানের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটর সাইকেল আরোহী ঘাতকরা তাভেলা সিসারোকে গুলি করে পালিয়ে যায়।
এরপর কাছের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।
মি. সিসারো নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারী প্রতিষ্ঠানের ঢাকা অফিসে কাজ করতেন।
তবে এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়।
এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটলো যখন নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে আসার সূচি পিছিয়ে দিয়েছে।
আর আজই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
পশ্চিমারা অংশ নেয় এমন অনুষ্ঠানে কম যেতেও ব্রিটিশ কর্মকর্তাদের পরামর্শ দেয়া হয়েছে।











