আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সম্রাট আকিহিতোর বড় নাতনী প্রিন্সেস মাকোর বিয়ে ‘প্রয়োজনীয় প্রস্তুতির’ অভাব থাকায় ২০২০ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
২৬ বছর বয়সী মাকো ও তার হবু বর কেই কোমুরো (২৬) গত মাসে এক প্রথাগত কোর্ট অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন করেন। তাদের চলতি বছরের ৪ নভেম্বর বিয়ের কথা ছিলো।
এক বিবৃতিতে মাকো ও কোমুরো মঙ্গলবার জানান, ২০২০ সালের আগে তারা বিয়ে করছেন না। তারা বর্তমানে বিয়ের জন্য প্রস্তুত নন বলে বিবৃতিতে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সামনের বছর সম্রাট আকিহিতো সিংহাসন ছেড়ে দিচ্ছেন। তিনি আগেই এই ঘোষণা দিয়েছিলেন। গত দুশো বছরের ইতিহাসে এই প্রথম কোনো সম্রাট সিংহাসন ছাড়ছেন। বলা হচ্ছে, এ নিয়ে রাজপরিবারকে ব্যস্ত থাকতে হবে। এটিও বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার একটা কারণ।
মাকো বিবৃতিতে বলেন, যারা আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করছিলেন তাদের সবার জন্য বড় একটা সমস্যা তৈরি করায় আমি আসলেই দুঃখিত। তিনি যখন কোমুরোকে বিয়ে করবেন, তখন তার রাজশিরোপা হারাবেন। অর্থাৎ তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না। কারণ কোমুরো একেবারে সাধারণ পরিবারের সন্তান। তিনি একটি ল’ ফার্মে কাজ করেন।
জাপানের রাজপরিবারের তরফ থেকে বলা হয়, সম্রাট আকিহিতো অবসরে যাওয়ার পর তার ছেলে যুবরাজ নারুহিতো সিংহাসনে আরোহনের আনুষ্ঠানিকতা শেষ হলে মাকোর বিয়ে হবে।
তবে জাপানের একটি ম্যাগাজিনে বের হয়েছিল, কোমুরোর মা কিছু আর্থিক ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সেটাই বিয়ে পেছানোর কারণ। কিন্তু রাজপরিবারের তরফ থেকে এই খবর অস্বীকার করা হয়েছে। সূত্র: বিবিসি











