
গাজীপুরে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুয়েতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কুয়েতে কর্মরত সাংবাদিকরা এবং খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দীন খোকন। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও সাংগঠনিক সম্পাদক আলাল আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি এবং সময় টিভির প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি রবিউল ইসলাম খা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মোঃ হেবজু, সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, এবং আন্তর্জাতিক সম্পাদক ও এসএটিভির প্রতিনিধি মোঃ সেলিম হাওলাদার। এছাড়াও কুয়েতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা আসাদুজ্জামান তুহিনকে একজন নির্ভীক ও সৎ সাংবাদিক হিসেবে উল্লেখ করে বলেন, এমন বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসাথে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কুয়েত প্রবাসী সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।











