বিশেষ প্রতিনিধি- কুয়েতের ফান্তাস এলাকায় প্রবাসী ভোজনরসিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন নতুন রেস্টুরেন্ট ‘শাপলা’।
কুয়েত প্রবাসী দুই সফল উদ্যোক্তা মনিরুল ইসলাম ও মোস্তফা কামাল-এর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও কঠোর পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠানটি, যার মূল লক্ষ্য হলো স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে খাঁটি বাংলাদেশি খাবারের আসল স্বাদ ও ঐতিহ্য পৌঁছে দেওয়া। রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট স্থানীয় ব্যক্তিত্ব ও লাইসেন্স প্রদানকারী খালাফ আব্দুর রহমান মুতলাক; যিনি ফিতা কাটার পর অত্যন্ত আন্তরিকতার সাথে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের কর্মনিষ্ঠা ও বহুমুখী অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিভিন্ন দেশের প্রবাসী ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী আরমান হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন যে, কুয়েতের মাটিতে বাংলাদেশিদের যে সুনাম রয়েছে তা সততা, কর্মদক্ষতা এবং মার্জিত আচরণের মাধ্যমে প্রবাসীদেরই অক্ষুণ্ণ রাখতে হবে। বিদেশের মাটিতে এমন একটি নান্দনিক ও মানসম্মত বাংলাদেশি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা হওয়ায় স্থানীয় প্রবাসীরা যেমন গর্ববোধ করছেন, তেমনি খাবারের মান ও উন্নত সেবার বিষয়েও মালিকপক্ষের প্রতি অনেক বড় প্রত্যাশা রাখছেন।

গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘শাপলা’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষও খাবারের স্বাদ, গুণগত মান এবং সর্বোত্তম কাস্টমার সার্ভিস ধরে রাখার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেছেন।











