ডাক্তার ফারহানা মোবিনঃ রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। কাঁচা, রান্না করে মুড়ির সঙ্গে বা ডাল হিসেবে। বাজারে ভেজেও বিক্রি হয়। সবচেয়ে বেশি পুষ্টি হলো কাঁচা ছোলাতে। পানিতে ভেজানো ছোলার খোসা ফেলে কাঁচা আদা কুচি দিয়ে খেলে তা শরীরের জন্য জোগাবে প্রচুর পরিমাণে পুষ্টি। রান্না ছোলাতে তেল দেওয়া থাকে বলে এতে ফ্যাটের পরিমাণ রয়েছে। মোটা ব্যক্তি বা উচ্চরক্তচাপ আছে যাঁদের তাঁরা কাঁচা ছোলা খান। তাঁদের জন্য অতিরিক্ত তেল, মসলা দেওয়া ছোলা হলো ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে রান্না ছোলা খেতে পারেন নির্দিষ্ট পরিমাণে। যাঁরা খোসাসহ ছোলা খেতে পারেন না, তাঁদের জন্য কাঁচা ছোলা যথেষ্ট উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ। ছোলার প্রোটিন দেহকে করে দৃঢ়, শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা দেহের হূৎপিণ্ডের গতিকে সচল রাখতে সাহায্য করে।
কিন্তু কিডনির সমস্যা যাঁদের রয়েছে (ডায়ালাইসিস চলছে, রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক এসিড বা ইউরিয়ার পরিমাণ বেশি) তাঁরা যেকোনো রকম ছোলা খাওয়া থেকে বিরত থাকুন। কারণ যেকোনো ডালে পটাশিয়াম থাকে, যা রক্তে (যাঁদের কিডনি দুর্বল) সেরাম ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ায়। তাই ছোলা দুর্বল কিডনির জন্য বর্জনীয়। এতে যে খনিজ লবণগুলো রয়েছে তা দাঁত, চুল, হাড়কে করে মজবুত। বাড়ায় কাজ করার শক্তি। কাঁচা ছোলা চিবিয়ে খেলে এর রস দাঁতের মাড়িকে করে মজবুত। যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের জন্য কাঁচা ছোলা ভীষণ উপকারী। ছোলার গায়ে যে আঁশ থাকে, তা পাকস্থলীকে (যেখানে খাবার জমা থাকে) করে গ্যাসমুক্ত, কোষ্ঠকাঠিন্য দূর করে। হজম করতে না পারলে কাঁচা ছোলা খাবেন না।
এতে ভিটামিন ‘বি’ও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন ‘বি’ কমায় মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা। সালফার নামক খাদ্য উপাদানের বসতিও এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত-পায়ের তলায় জ্বালাপোড়া কমায়। ত্বকে আনে মসৃণতা। কাঁচা ছোলা ভীষণ উপকারী। তবে ছোলার ডালের তৈরি ভাজা-পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। তাই হজমশক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












