সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দালালদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল গণি নামে একজন আহত হয়েছেন।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর উভয় পক্ষের লোকজন রাস্তায় অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের দালাল পারভেজ দুপুরে বিমানবন্দরের ভেতর থেকে আত্মীয় পরিচয়ে লন্ডন প্রবাসী এক যাত্রীর মালামাল ছাড়িয়ে আনতে যান। মালামাল নিয়ে বের হওয়ার পর অপর দালাল লুৎফুর রহমান কমিশন দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়।
তাৎক্ষণিক পারভেজ ফোনে তার লোকদের জড়ো করে বিমানবন্দরের গেটের সামনে লুৎফুর ও তার লোকদের মারধর করে মালামাল নিয়ে চলে যান। পরে লুৎফুর তার লোকজন নিয়ে বিমানবন্দরের পার্শ্ববর্তী বড়শালা এলাকায় পারভেজের বাড়িতে গিয়ে হামালার চেষ্টা করেন। এ সময় তারা পারভেজকে না পেয়ে রাস্তায় তার সহযোগী স্থানীয় সালেহপুর গ্রামের আব্দুল গণির ওপর হামলা করেন। এতে গণি গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড়শালা বাইপাস সড়কে অবস্থান নেন লুৎফুর রহমান ও পারভেজের লোকজন। অপরদিকে হামলার প্রতিবাদে আব্দুল গণির লোকজন বিকেলে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিষয়টি আপসের চেষ্টা করে ব্যর্থ হন।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন, মারামারির পর রাস্তায় লোকজন অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানান, বিষয়টি বিমানবন্দরের বাইরে। যে কারণে আমাদের কিছু করার নেই।
সূত্র জানায়, স্থানীয় বড়শালা গ্রামের বাসিন্দা পারভেজ ও একই এলাকার মংলীপারের লুৎফুরসহ এলাকার একটি সিন্ডিকেট সরকার দলের নাম ভাঙিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে দালালি করে আসছেন। তাদের কাছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীরা জিম্মি। এমনকি বিমানবন্দরের কর্মকর্তারাও তাদের যন্ত্রণায় অতীষ্ট।











