এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধঃ ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে একাত্তরের বীরাঙ্গনা ও গণজাগরণ মঞ্চকে ‘প্রজন্ম চত্বর’ নামকরণকারী ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণীকে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে বলে তার ছেলের মোবাইল ফোনে হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত।
শনিবার দুপুর ২টার দিকে মোবাইল ফোনে এ হুমকি দিয়ে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে ব্লগার নিলয়ের মতো পরিণতি বরণ করার প্রস্তুত থাকতে বলা হয়।
ফেরদৌসী প্রিয়ভাষিণী গণমাধ্যমকে জানান, দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হয়। কিন্তু অপরিচিত নম্বর হওয়ায় তিনি ফোন রিসিভ করেননি। পরে তার ছেলের নম্বরে ফোন করে ফেরদৌসি প্রিয়ভাষিণীকে গালাগালি ও হত্যার হুমকি দেয়া হয়। হুমকি দিয়ে বলা হয় তাকে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে হত্যা করা হবে।
তবে এরকম হুমকিতে মোটেও ভীত নন বলে প্রাণনাশের হুমকি সম্পর্কে প্রিয়ভাষিণী বলেন, ব্লগার হত্যার বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার। মুক্ত মানসিকতার চর্চার জন্যই স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন। অথচ দেশে এখন মত প্রকাশ করায় মৌলবাদীদের শিকার হচ্ছেন ব্লগাররা। গণজাগরণ মঞ্চসহ সব জায়গা থেকেই তিনি এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং অপশক্তিকে রুখে দেয়ার কথা বলে আসছেন। এজন্যই তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে ধারণা করছেন তিনি।
ফেরদৌসীর ছেলে কারু তিতাস অগ্রদৃষ্টি.কম কে বলেন, বিকেল ৫টা ৭ মিনিটে ০১৭৩৯৩০১১২৯ নম্বর থেকে আমার ফোনে কল করে। এ সময় মায়ের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা আমার মাসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়।
প্রাণনাশের হুমকির বিষয়ে ছেলে এবং নিজের সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির সহকর্মীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সাধারণ ডায়েরি (জিডি) করতে ধানমন্ডি থানায় যাবেন বলে জানান প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ ফেরদৌসী প্রিয়ভাষিণী।
এ ব্যাপারে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর এ আজম জানান, এখন পর্যন্ত হুমকির বিষয়ে থানায় মৌখিক বা লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











