স্টাফ রিপোর্ট।। উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এ বছর ৩৫। এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। গত বছর ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারেনি।
অপর দিকে শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও হতাশাজনক। এ বছর এক হাজার
১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। গত বছর
এই সংখ্যাটি ছিল এক হাজার ১৪৭। দেশের সকল শিক্ষাবোর্ডের মধ্যে এ বছর সবচেয়ে খারাপ ফলাফল করেছে যশোর শিক্ষা বোর্ড। কেউ পাস করেনি- এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও সবচেয়ে বেশি এই বোর্ডে। সেখানে ১৩টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে। এইচএসসি ও সমমান পরীক্ষায় এই বছর ৬৯ দশমিক ৬০ শতাংশ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। মাদ্রাসা বোর্ডে ৯০ শতাংশ ও কারিগরি বোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৬৮। এ বছর পাশের হার ও জিপিএ ৫ উভয়ই কমেছে।
রবিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
গণভবনে একটি ট্যাবের মাধ্যমে ফলাফলের ডিজিটাল
অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তার
সঙ্গে ছিলেন।











