অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিছাত্রী মেহেরুন্নাহার ঐশী জাতীয় পর্যায়ে কাব এ্যাওয়ার্ড অর্জন করায় সরকারীভাবে ভারতে শিক্ষা সফর শেষে নিজ এলাকা আগৈলঝাড়ায় সংবর্ধিত হয়েছে।
মেহেরুন্নাহার ঐশী জাতীয় পর্যায়ে ২০১৪ সালের কাব স্কাউটিং-এ শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করে। একই বছর প্রাথমিক শিক্ষা সপ্তাহে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়। ঐশী বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত শিশু ও যুব চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা দশের একজন মনোনীত হয়। এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের জন্য একাধিক পুরস্কার পেয়েছে। ঐশী ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি ও জিপিএ-৫ পেয়েছে। ঐশীর এই কৃতিত্বের জন্য বাংলাদেশ স্কাউটস-এর ব্যবস্থাপনায় চলতি বছরের ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে শিক্ষা সফরে যায়। মেহেরুন্নাহার ঐশীর পিতা মো. মোস্তাফিজুর রহমান আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা আফরোজা আক্তার পাকুরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গতকাল বিকেলে উপজেলার যবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বপ্নের গ্রামের উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি সেলিমুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম, মো. আজিজুর রহমান বালী, মো. এচাহাক পাইক, হাফিজুর রহমান, মাহাবুবুল ইসলাম, সাংবাদিক কেএম আজাদ রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, অপর্ণা রানী হালদার, শহীদ পাইক প্রমুখ।











