খেলাধুলা ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্ব থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে সাইফ হাসানের দল। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
মালয়েশিয়ায় মঙ্গলবার বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৩২ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৭ রান করে ভারত। পিনাক ঘোষের অপরাজিত ৮১ রানের সুবাদে বাংলাদেশ সেটি পেরিয়ে গেছে ৪ ওভার হাতে রেখেই।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার পিনাক ও নাঈম শেখ। দুজন উদ্বোধনী জুটিতে তোলেন ৮১ রান। নাঈম ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ করে ফিরলে ভাঙে এ জুটি।
অধিনায়ক সাইফ তিনে নেমে বেশিক্ষণ টেকেননি। ১৬ বলে ৩ চারে ১৬ করে সাইফ ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৮। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন পিনাক।
৭৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮১ রানের ইনিংসটি সাজান পিনাক। ৩২ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৮ রানে অপরাজিত ছিলেন হৃদয়।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন সাইফ। ইনিংসের চতুর্থ বলেই মঞ্জত কালরাকে রান আউট করেন আফিফ হোসেন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারতীয় যুবারা। অনুজ রাওয়াতের ৩৪ ও সালমান খানের অপরাজিত ৩৯ রানের সুবাদে ১৮৭ রানের পুঁজি পেয়েছিল তারা।
৪৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রবিউল হক। আফিফ ও নাঈম হাসান নেন ২টি করে উইকেট।
বৃহস্পতিবার প্রথম সেমিফানালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও নেপাল।











