খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুন ২০২৬, সোমবার জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে এবং বায়েজিদ মাহমুদ ফয়সালের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ছড়াকার শাহাদাৎ বখত শাহেদ, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ফাতির আহমদ ও বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী। সভায় কবির স্মৃতিচারণ ও শতবার্ষিকীর তাৎপর্য নিয়ে গবেষক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এবং নাগরীলিপির গবেষক মফিক মোহাম্মদসহ স্থানীয় লেখক ও সংগঠকগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ কামাল আহমেদ বাবুকে আহবায়ক এবং আবদাল মাহবুব কোরেশীকে সদস্য সচিব করে ‘জাতীয় কবি আগমন উদযাপন কমিটি’ ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন— খিজির মুহাম্মদ জুলফিকার, দেওয়ান মুনাকিব চৌধুরী, মোহাম্মদ মহসিন খান, মোর্শেদ আহমেদ মুন্না, সৈয়দ শাহীন মিয়া এবং মোহাম্মদ জহির খান। কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি এবং সিলেট অঞ্চলের সাথে তাঁর নিবিড় সংযোগের নানা দিক উন্মোচনের মধ্য দিয়ে সভাটি সফলভাবে শেষ হয় এবং সভাপতি সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এই শতবার্ষিকীর উদ্যোগ নতুন প্রজন্মের কাছে নজরুল চেতনাকে সফলভাবে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে।











