পাকিস্তান সফর করতে শুরুতে দোটানাতেই ছিল বাংলাদেশ। পরিবর্তিত পরিস্থিতিতে সফরটি গড়াচ্ছে ঠিকই, তবে তিন ধাপে। পাকিস্তানে এ নিয়ে সমালোচনা হলেও সফরে রাজি হওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক নির্বাচক ও অধিনায়ক ইনজামাম উল হক।
নিরাপত্তা ইস্যুতেই পাকিস্তান সফরে আগ্রহী ছিল না বাংলাদেশ। এর পর থেকে পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই বাংলাদেশের সমালোচনা করেছেন। এমনকি আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন কেউ কেউ। দুই বোর্ডের সমঝোতায় শেষ পর্যন্ত সফরে রাজি হয়েছে বাংলাদেশ। তাই সফরকারীদের ধন্যবাদ জানিয়েছেন ইনজামাম, ‘পাকিস্তানে আসার জন্য বাংলাদেশকে আমাদের ধন্যবাদ জানানো উচিত।’
সফরটি হচ্ছে তিনধাপে। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে চলে আসবে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে খেলবে একটি টেস্ট। আর তৃতীয় ও শেষ ধাপে দ্বিতীয় টেস্ট খেলার আগে মুখোমুখি হবে এক ম্যাচের ওয়ানডেতে। ইনজামাম মনে করছেন সিরিজটি একধাপে শেষ হলেই ভালো হত, ‘আমার মনে হয় পুরোটা সিরিজই আলাদা না খেলে একধাপে খেললে ভালো হত।এখানকার মানুষের যে ক্রিকেটপ্রেম, এতে বাংলাদেশ খেলাটা উপভোগই করবে।’
পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বেশ কিছুদিন হলো। তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট হতে পারেননি ইনজামাম। বিশেষ করে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমিরের মতো পেসার বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি, ‘আমি কিছু সিদ্ধান্ত বুঝতে পারিনি। ওয়াহাব-আমিরকে বাদ দেওয়া ঠিক হয়নি। দুজনেই খুব অভিজ্ঞ এবং ফরম্যাট যত ছোট, তারা ততটাই ধারালো। কিন্তু টেস্টের ঘটনার জন্য তাদের এভাবে বাদ দেওয়া সঠিক নয়। কারণ তারা সিনিয়র, সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তাদের কাজে লাগানো উচিত ছিল।’
সূত্র, বাংলা ট্রিভিউন











