কুয়েত প্রতিনিধি: দীর্ঘ দুই যুগের হাড়ভাঙা পরিশ্রম আর প্রবাস জীবনের সঞ্চিত সব অর্থ দিয়ে দেশের মাটিতে একটি স্বপ্নের ঠিকানা গড়ার উদ্যোগ নিয়েছিলেন কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জাফর আহম্মদ ভুঁইয়া। কিন্তু স্থানীয় প্রভাবশালী ও চাঁদাবাজ চক্রের বাধায় তার সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নিজ ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়া, মিথ্যা রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে কুয়েতে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এই প্রবাসী ব্যবসায়ী।
শুক্রবার (১৩ নভেম্বর) কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় প্রবাসী সাংবাদিকদের সামনে নিজের অসহায়ত্ব ও ক্ষোভের কথা তুলে ধরেন ফেনী পৌরসভার বাসিন্দা জাফর আহম্মদ ভুঁইয়া। সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি জানান, ২১ বছর আগে সাধারণ শ্রমিক হিসেবে কুয়েতে পাড়ি জমান তিনি এবং দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। প্রবাস জীবনের উপার্জিত অর্থ দিয়ে প্রায় ১৪ বছর আগে ফেনী পৌরসভার সেলিনা পারভীন সড়কের নাজির রোড এলাকায় বৈধভাবে একটি জমি ক্রয় করেন। সম্প্রতি ওই জমিতে পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও প্রভাবশালী একটি চক্র তার কাজে বাধা হয়ে দাঁড়ায়।
জাফর আহম্মদ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রথমে জমির পাশ দিয়ে যাওয়া রাস্তার জায়গা কম থাকার অজুহাত তুলে নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা করে। অথচ জমির দলিল ও নথিপত্রে রাস্তার জন্য নির্ধারিত জায়গার চেয়েও বেশি জায়গা ছেড়ে দিয়ে তিনি ভবনের কাজ শুরু করেছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই তা মানতে নারাজ; বরং একপর্যায়ে শর্ত জুড়ে দিয়ে বলেন যে, বাড়ি নির্মাণ করলেও তা দোতলার বেশি করা যাবে না। এভাবে একের পর এক অযৌক্তিক বাহানা তৈরি করে নির্মাণশ্রমিকদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং জমিতে যাতায়াতের রাস্তা সংকুচিত করার অপচেষ্টা চলছে।
ভুক্তভোগী এই প্রবাসী আরও জানান, তাকে দমাতে না পেরে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তাকে ‘আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত’ এমন মিথ্যা ট্যাগ লাগিয়ে রাজনৈতিকভাবে ঘায়েল করার ষড়যন্ত্র করছেন এবং প্রতারণার দায়ে অভিযুক্ত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করছেন। শুধু তাই নয়, বাড়াবাড়ি করলে তাকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসসহ দেশের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে রেমিট্যান্স যোদ্ধা জাফর আহম্মদ ভুঁইয়া বর্তমান সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফেনী জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে জমির বিরোধ নিরসন, নির্বিঘ্নে বাড়ি নির্মাণের পরিবেশ সৃষ্টি এবং দেশে থাকা তার পরিবার ও নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












