জাকির সিকদার,সাভার,ঢাকা: সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর সার্বিক সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সোমবার দুর্নীতিবিরোধী শপথ পাঠ, মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান ও গণনাটক
প্রদশর্নীর আয়োজন করা হয়। সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরী এ টেইলর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিআরপির নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম ও হেড অব প্রোগ্রাম মো: সোহরাব হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি অধ্যাপক দীপক কুমার রায় এবং শপথ বাক্য পাঠের তাৎপর্য বিষয়ে বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা: মোহাম্মদ রফিক। তিনি চিকিৎসা বিষয়ক জাতিসংঘ ঘোষিত সনদের কপি সিআরপির নির্বাহী পরিচালকের হাতে হস্তান্তর করেন।
শপথ পাঠের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক তার বক্তব্যে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য সকল শিক্ষার্থীকে উৎসাহিত করেন। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এখন থেকেই তাদের প্রস্তুতি গ্রহণ করার তাগিদ দেন। তিনি বলেন, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ভেলরী টেলরের মতো মানবতাবাদী ব্যক্তিত্ব সে প্রতিষ্ঠানে কোন দুর্নীতি নেই বলেই আমি বিশ্বাস করি। নিজের ভেতরে নৈতিকতা চর্চা করে মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে বলে তিনি পরামর্শ দেন। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে তিনি শপথ পর্বটি পরিচালনা করেন।
সিআরপির নির্বাহী পরিচালক তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের সকল সেক্টরের দুর্নীতি ধুয়ে-মুছে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। তিনি শিক্ষার্থীদের মাঝে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ (ড. জাফর ইকবাল রচিত) বইটি তুলে দেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য উৎসাহিত করেন।
আলোচনা ও শপথ পাঠের পর ইয়েস গ্রুপের আয়োজনে ও সনাক সদস্য খন্দকার ম. হামিদ রন্জুর পরিচালনায় ‘সোনার বাংলাদেশ চাই’ গণনাটক প্রদর্শন করা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও পরিবেশ বিষয়ে নানাবিধ দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে প্রতিকার সম্পর্কেও পরামর্শ দেয়া হয়। উপস্থিত শিক্ষার্থী ও অতিথিবৃন্দ নাটকটি উপভোগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক সদস্য প্রকৌশলী আব্দুল খালেক, প্রকৌশলী কামাল রেজা, মো: তায়েফুর রহমান, গোবিন্দ আচার্য্য, শ্রাবন্তী ঘোষ ও স্বজন সদস্য মো: সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরপি ও টিআইবির কর্মীবৃন্দ।











