চীনের আমন্ত্রণে ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন টুর্নামেন্টে খেলতে চীন সফরে যায় বাংলাদেশ ফুটবল দল। আর সেখানেই এক অদ্ভুত অভিজ্ঞতা হলো বাংলাদেশী ফুটবলারদের।
বৃহস্পতিবার রাত নয়টায় চীনের ইউনান প্রদেশের ম্যাংশি শহরে পৌঁছান তারা, সাড়ে নয়টায় ইউনান আসিয়ান আন্তর্জাতিক ওপেন টুর্নামেন্টের ড্র! সেখানে চূড়ান্ত হয়, পরদিন সকাল দশটায় উদ্বোধনী ম্যাচ বাংলাদেশের; প্রতিপক্ষ মিয়ানমার। এর দুই ঘণ্টা আগে হবে উদ্বোধনী পর্ব, মাঠে উপস্থিত থাকতে হবে সকাল ৭টার মধ্যে। খেলোয়াড়রা এটাও জেনেছেন ঘুমাতে যাওয়ার আগে!
অথচ পরদিন অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা, এর মধ্যে খবর আসে সকালে মিয়ানমারের বিপক্ষে ম্যাচ। দুই দিনের লম্বা ভ্রমণে ক্লান্ত ফুটবলাররা। তারপরও দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ দলকে।
হারের পর বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর বলেন, ‘ম্যাচের জন্য শারীরিক-মানসিক কোনোভাবে প্রস্তুতি ছিল না কেউ-ই। ছেলেরা ঘুমের আগে পরদিনের অনুশীলনের কথা ভেবে রেখেছিল। হঠাৎ গত রাতে (পরশু) হোটেলে পৌঁছানোর পর জানতে পারি, আজকে (গতকাল) মিয়ানমারের বিপক্ষে খেলা।’
বিব্রতকর হার দিয়ে ইউনান প্রদেশ ক্রীড়া সংস্থার এ টুর্নামেন্ট শুরু হলেও কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন শেষ বলা যাবে না বাংলাদেশের, ‘এফ’ গ্রুপে পরের দুই ম্যাচ জিততেই হবে। আগামীকাল সকাল ১০টায় দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ চীনের লিজিয়ান ক্লাব। মঙ্গলবার শেষ ম্যাচ স্বাগতিক দেশের হ্যাবেই ক্লাব। ‘ই’ গ্রুপে দল রয়েছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, চীনের ওয়াংহো ক্লাব ও ব্যাও ত্যাও ক্লাব। দুই গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল উঠবে শেষ আটে











