কুয়েত প্রতিনিধি: কুয়েতের জনপ্রিয় ক্রীড়া সংগঠন ‘সিলেট সিক্সার্স ক্লাব’-এর কৃতি খেলোয়াড় এম.ডি রুহুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৫ই ডিসেম্বর (সোমবার) কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় অবস্থিত জাবাল আল নুর রেস্টুরেন্টে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

ক্লাবের সার্বিক কার্যক্রম ও খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেট সিক্সার্স ক্লাবের সভাপতি ও সাংবাদিক আ হ জুবেদ।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট তরুণ ব্যবসায়ী তারমীম আলম এবং অন্যতম সহ-সভাপতি অভি হাসান উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসের ব্যস্ত জীবনের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকার জন্য এম.ডি রুহুলের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, প্রবাসে মানসিক প্রশান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন। সবশেষে এক আনন্দঘন পরিবেশ ও নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।











