নিজস্ব প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, এক সপ্তাহে ৩ প্রবাসীর মৃত্যু।
গতকাল ৪মার্চ ২০১৮ইং রোজ রোববার কুয়েতের ফাহাহিল এলাকায় বাংলাদেশ রেস্টুরেন্টে কর্মরত মোহাম্মদ ইবরাহিম নামে একজন প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।
ফাহাহিল এলাকায় বসবাসরত মোহাম্মদ মাসুদ নামে একজন প্রবাসী বাংলাদেশী অগ্রদৃষ্টিকে জানান, মোহাম্মদ ইবরাহিম প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে কর্মস্থল ”বাংলাদেশ রেস্টুরেন্টে” গিয়েছিলেন। নিত্যদিনের মতো কাজও করছিলেন ইবরাহিম। হঠাৎ বিকেল ৫টার দিকে ইবরাহিম বুকে ব্যথা অনুভব করেন। যতই সময় যাচ্ছিল বুকে ব্যথার তীব্রতা ততই বাড়ছিল।
এমতাবস্থায় ইবরাহিম রেস্টুরেন্ট মালিকের অনুমতি নিয়ে নিকটস্থ আল-আদান হাসপাতালে গিয়ে ভর্তি হোন।
এদিকে হাদসপাতালে ভর্তি হওয়া ইবরাহিমকে কিছুক্ষণ পরে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ইবরাহিম এর মৃত্যুর কারণ এখন পর্যন্ত পুরোপুরি কেউ জানাতে না পারলেও ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ইবরাহিমের মৃত্যু হয়েছে।
সদ্য মৃত মোহাম্মদ ইবরাহিমের দেশের বাড়ি লক্ষিপুর সদর উপজেলায়। দীর্ঘদিন ধরে ইবরাহিম কুয়েতের একটি কোম্পানিতে কাজ করে আসছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ত্যাগই শুধু নয়, রীতিমতো সংগ্রাম করে গেলেন মোহাম্মদ ইবরাহিম নামের কুয়েত প্রবাসী এ রেমিটেন্স যোদ্ধা।
বর্তমানে মোহাম্মদ ইবরাহিমের মরদেহ আল-আদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, একাধিক কারণে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এক পরিসংখ্যানে দেখাগেছে গত জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা ছিল বেশি।
এমতাবস্থায় কুয়েত প্রবাসীদের অস্বাভাবিক মৃত্যুর কারণ উদঘাটন করে, এর রোধকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।











