ফেসবুক-ইউটিউবে ‘মন ঘুমায়রে’ শীর্ষক একটি মিউজিক ভিডিও ট্রেলার প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। দুই মিনিটের ট্রেলার প্রকাশ করে রীতিমতো ইউটিউব কাঁপিয়েছেন তিনি। ইউটিউবে এই ভিডিওটিতে হিট পড়েছে প্রায় ৭০ হাজার। এই সংখ্যা বাড়ছে ক্রমেই। ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মনে পুরো ভিডিওটি দেখার আগ্রহ সৃষ্টি হয়েছে। হাবিব বলেন, ‘ঈদের এক দিন আগে ট্রেলারটি প্রকাশ করেছি। এরই মধ্যে এটা নিয়ে সবার এমন উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করি, আমার সব শ্রম আর পরিকল্পনা সার্থকতার পথে এগোচ্ছে।’
তিনি আরো জানান, চলতি সপ্তাহের মধ্যেই পুরো গানের ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন ইউটিউব-ফেসবুকসহ দেশের দুই-একটি টিভি চ্যানেলে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনই বলতে নারাজ হাবিব।
জানা গেছে, আলোচিত এই ভিডিও ট্রেলারে হাবিবকে দেখা গেছে একেবারে নতুন অবয়বে। পরনে কালো জিন্স, জ্যাকেট, সানগ্লাস আর পায়ে গামবুট পরে মাইক্রোফোনের স্ট্যান্ড ধরে আপন মনে গাইছেন নগরীর সবচেয়ে উঁচু একটি ভবনের ছাদে দাঁড়িয়ে।
অন্য দৃশ্যে হাবিবকে দেখা গেছে দৃষ্টিনন্দন রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকায় ভেসে বেড়াতেও। হাবিব বলেন, সবার জন্য এটাই ছিল এবার আমার পক্ষ থেকে ঈদ উপহার।’











