জগলুল হুদা:বেলজিয়ামের ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর
ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (সেরিস)
একাডেমিক বোর্ড সদস্য এবং টিচিং ফেলো হিসেবে মনোনীত
হয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। এ
মাসের প্রথম সপ্তাহে ব্রাসেলস সফরকালে সাবেক মন্ত্রী
হাছান মাহমুদকে এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সিদ্ধান্তের চিঠি
হস্তান্তর করা হয়।
হাছান মাহমুদ ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল
অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে ১৯৯৫ সালে
আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন
করেছিলেন। হাছান মাহমুদ বেলজিয়ামের লিমবার্গ
বিশ্ববিদ্যালয় (ইউএলবি) থেকে পরিবেশ বিজ্ঞানে পিএইচডি
করেন। এ ছাড়াও ভ্রিজ বিশ্ববিদ্যালয় (ভিইউবি) থেকে
হিউম্যান ইকোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন
করেন।
ইতিপূর্বে হাছান মাহমুদ আমন্ত্রিত অতিথি বক্তা হিসেবে
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়,
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের ওপর বক্তব্য দিয়েছেন।











