পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস রোববারের মধ্যে পরিশোধ করতে হবে। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যকার এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আগে শ্রম আইনে উৎসব ভাতা দেয়ার কথা না থাকলেও মালিকেরা এটি বরাবরই দিয়ে আসছেন। তবে এখন শ্রম আইনে উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, রোববারের মধ্যে উৎসব ভাতা ও ১৫ দিনের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। শ্রম আইন অনুসারে বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ঈদের কারণে শ্রমিকদের অন্তত ১৫ দিনের বেতন দেয়ার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, যেসব কারখানার আর্থিক পরিস্থিতি তেমন ভাল নয়, সেখানে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বর মাসের ১০ বা ১৫ শতাংশ বেতন দিতে মালিকদের অনুরোধ করা হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনের বিধি চূড়ান্ত হয়েছে। বিধিমালায় শ্রমিকদের উৎসবভাতাকে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ঈদের আগেই শ্রমিকদের উৎসব ভাতা আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এক মাসের মূল বেতন শ্রমিকদের ভাতা হিসাবে দেয়ার কথা বলেছি। আগামীকাল এর গেজেট জারি হবে।
কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিতে আগেই একটি নির্দেশনা সরকারের তরফ থেকে দেয়া হয়েছে।
শ্রম সচিব মিকাইল শিপার, বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।











