বিল গেটসকেও একদিনের জন্য ছাড়িয়ে গিয়েছিলেন গৃহপরিচারিকা ঊর্মিলা যাদব। তবে এই অসম্ভব সম্ভব হয়েছে কেবল ব্যাংকের এক ভুলের কল্যাণে। অবশ্য এত টাকার মালিক হয়েও তার সামান্য অংশও ভোগ করতে পারেননি ৩০ বছন বয়সী এই গৃহপরিচারিকা।
বিল গেটস, মুকেশ আম্বানি এবং লক্ষ্মী নিবাস মিত্তালের সম্পত্তির পরিমাণ এক করলেও তার অ্যাকাউন্টে জমা পড়া টাকার থেকে তা বেশি হতো না। স্বাভাবিকভাবেই এ ঘটনায় ভীষণই ঘাবড়ে গিয়েছিলেন ওই নারী। ব্যাংকে গিয়ে সমস্ত ঘটনা জানান ভারতের উত্তর প্রদেশের কানপুরের বিকাশ নগর এলাকার বাসিন্দা ঊর্মিলা।
প্রধানমন্ত্রীর ‘জন-ধন যোজনায়’ অনুপ্রাণিত হয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় ২০০০ রুপি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন। গত সপ্তাহে হঠাৎই ব্যাংকের পক্ষ থেকে তিনি মোবাইল ফোনে একটি মেসেজ পান যে, তার অ্যাকাউন্টে জমা পড়েছে বিশাল অঙ্কের টাকা। সেই টাকার অঙ্কটিও অস্বাভাবিক ৯৫,৭১,১৬,৯৮,৬৪৭।
ব্যাংক কর্মকর্তাদের কাছেও প্রথমে বিষয়টি গোলমেলে ঠেকে। পরে তারা জানান, ওই নারীর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায়, ব্যাংক তার অ্যাকাউন্টে ওই কাল্পনিক অঙ্কের টাকা জমা করেছে।
কিন্তু এ নিয়ে মোটেই চিন্তিত নন ঊর্মিলা; তার একমাত্র চিন্তা ওই ২০০০ রুপি নিরাপদে আছে কিনা। পরে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টির সমাধান করে দেয়। এখন তার অ্যাকাউন্টটি সক্রিয় রয়েছে ও নিরাপদে রয়েছে তার ২০০০ রুপিও।











