দুপুর ১টার সময় ছিল মাঠ পরিদর্শন। তার আগেই মিরপুরের উইকেট আর মাঠ ঢেকে ফেলতে হয়েছিল আরেকবার। বৃষ্টি এসেছিল কাভার সরিয়ে নেবার পর আবার। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা টেস্টের চতুর্থ দিনও জয় পেল বৃষ্টি। দুপুর ১টায় ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করে গেছেন। খেলা সম্ভব না। দ্বিতীয় ও তৃতীয় দিনের পর চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত। তার মানে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের ১ দিন বাকি থাকতেই খেলাটা বুঝি শেষ হয়ে গেল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচের ভাগ্যে ড্র ছাড়া আছেই বা কি! ৫ দিনের টেস্টের চার দিনের টানা তিন দিনের খেলাই বৃষ্টিতে পরিত্যক্ত।
অথচ আজকের আবহওয়াটা গতকালের চেয়ে ভালো ছিল। বৃষ্টি হয়েছে কম। কিন্তু সমস্যা ছিল এক জায়গায়। থেমে থেমে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। এর মধ্যেও আলো ফোটে। খেলা শুরু করার সম্ভাবনা বা আশা তৈরি হয়। দুই দলই হোটেল ছেড়ে মাঠে চলে আসে। বাংলাদেশের খেলোয়াড়রা ফুটবল খেলায় মেতে ওঠে। কিন্তু বৃষ্টি শেষ পর্যন্ত অনুমতি দিল না এদিনও। আগের দুই দিনের মতো এদিনও মাঠে গড়াল না একটি বলও।
শেষ তিন দিনে খেলা হয়েছে ৮৮.১ ওভার। অথচ হওয়ার কথা ছিল ৩৬০ ওভার। ১২টি সেশন খেলা হওয়ার কথা ছিল। হলো তিনটি সেশন। প্রথম দিনের। এখনো প্রথম ইনিংসেই আটকে আছে ঢাকা টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে টিকে আছে এখনো দুই উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২৪৬ রান তোলে টাইগাররা। দলীয় সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মমিনুল করেছেন ৪০ রান। ৩৫ রান করে এসেছে মাহমুদ উল্লাহ ও সাকিব আল হাসানের ব্যাট থেকে। ইমরুল কায়েস করেছেন ৩০ রান। নাসির হোসেন ১৩ রান করে অপরাজিত। তার সাথে শেষ দুই ব্যাটসম্যান হিসেবে থাকছেন মুস্তাফিজুর রহমান ও জুবায়েরে হোসেন। তিনটি করে উইকেট নিয়েছেন জে পি ডুমিনি ও ডেল স্টেইন। বৃষ্টির কারণেই চট্টগ্রামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়।











