অনুমতি ছাড়া বিদেশি নাগরিকদের বিয়ে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সম্বলিত একটি বিল সংসদে উত্থাপিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য করা ওই বিলে ‘শাস্তি স্বরূপ’ চাকরি থেকে বরখাস্ত করার বিধান রয়েছে।
বুধবার সংসদে ‘গণকর্মচারী আইন (বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে) বিল-২০১৫’ উত্থাপন করেন জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
পরে বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সামরিক শাসনামলে ১৯৭৬ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি সংসদে আনা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অনুমতি না নিয়ে কোন গণকর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করবেন না বা বিয়ে করার প্রতিশ্রুতিও দিতে পারবেন না। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করা বা প্রতিশ্রুতি দিলে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
‘দ্য পাবলিক সার্ভেন্টস (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনালস) অর্ডিন্যান্স’ ১৯৭৬ সালের ১০ জুলাই জারি করা হয়েছিল।
পরে ২০১৫ সালে সব পক্ষের মতামত নিয়ে গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে) বিল প্রণয়ন করা হয় বলে জানান সৈয়দ আশরাফুল ইসলাম।











