যে কোন পর্যায়ে ইনিংসের প্রথম ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক করার রেকর্ড এতদিন ছিল চামিন্দা ভাসের দখলে। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ওভারে প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে এ রেকর্ড গড়েন তিনি। কিন্তু এই শ্রীলঙ্কান বাঁহাতি মিডিয়াম পেসারের সঙ্গে এবার ভাগ বসালেন জো লিচ। ইংলিশ কাউন্টিতে রোববার ওরচেস্টারশায়ারের এ অলরাউন্ডার এই কীর্তি গড়েছেন। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ইনিংসের প্রথম তিন বলেই তিনি তিন উইকেট নেন। ম্যাচের প্রথম তিন বলে লিচের শিকার রিচার্ড লেভি, রব কেওগ ও বেন ডাকেট। প্রথম দুজন উইকেটরক্ষকের হাতে এবং তৃতীয় জন গালিতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২৪ বছরের লিচ ম্যাচে ৩০ রান খরচ করে চার উইকেট তুলে নেন। ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা প্রথম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এ রেকর্ডে এখনও একা চামিন্দা ভাস। এদিন জো লিচ ইতিহাসের পাতায় নাম লেখালেও তার দল হেরেছে ২১ রানে। লিচের বোলিং তোপে এদিন মাত্র ১৯ রানে ৬ উইকেট হারায় নর্দাম্পটনশায়ার। এতে শেষ পর্যন্ত ৩৫.১ ওভারে ১২৬ রানে অলআউট হয় তারা। কিন্তু লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত হোঁচট খায় লিচের ওরচেস্টারশায়ার। তারা ৩১ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায়। সাত নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৩৬ রান করেন বেন কক্স।











