অগ্রদৃষ্টি ডেস্ক: দুর্নীতি দমন কমিশন-দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে দেশে একাধিক সংঘবদ্ধ চক্র দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এক্ষেত্রে সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা দাবি করছেন তারা।
বিষয়টি দুদকের নজরে আসায় সংস্থাটি সবার সহায়তা কামনা করেছে। আর এ সংক্রান্ত একটি চিঠি সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের পাশাপাশি নির্বাচন কমিশন (ইসি) সচিবকেও পাঠিয়েছেন।
এতে তিনি বলেছেন, দুদক বিভিন্ন সূত্র থেকে অবহিত হয়েছে যে, একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোন, টেলিফোন, ই-মেইল বা ব্যক্তিগতভাবে কাল্পনিক অভিযোগ অথবা কমিশনের বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের আশ্বাস ও নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে সরকারি, বেসরকারি চাকুরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করছে।
দুদকের কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে মোস্তফা কামাল চিঠিতে আরও বলেছেন, দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা অনুযায়ী- অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তারা; অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, সাক্ষী এবং আসামিদের লিখিত নোটিশ দিয়ে থাকেন। অনুসন্ধান বা তদন্তকালে এদের কারও সঙ্গে মোবাইল ফোন, টেলিফোন, ই-মেইল বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করা নিষিদ্ধ। তাই কোনো ব্যক্তি বা ব্যক্তিরা মোবাইল ফোন, টেলিফোন, ই-মেইল বা ব্যক্তিগতভাবে যোগাযোগপূর্বক দুদকের কর্মকর্তা বা কর্মচারী পরিচয় দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করলে তা জানানোর জন্য অনুরোধ করেছেন দুদক সচিব। এক্ষেত্রে সংস্থাটির প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মো. জয়নুল আবেদীন শিউলীর সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। শিউলীর সঙ্গে যোগাযোগের ফোন নম্বর হচ্ছে- ৯৩৫২৫৫২ ও ০১৭১১-৬৪৪৬৭৫।
দুদকের এ অনুরোধে সাড়া দিয়ে নির্বাচন কমিশন সারাদেশে তার সব কর্মকর্তাদের এ বিষয়ে সজাগ থাকতে এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব কর্মচারীসহ প্রকল্প পরিচালকদেরও নির্দেশনাটি দেওয়া হয়েছে। সোমবার (১৬ মে) এ নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির সংস্থাপন শাখার সহকারী সচিব মো. লুৎফুল কবীর সরকার।











