ডেস্ক রিপোর্ট – কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) সোমবার জানিয়েছে যে, দিনের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় সংশ্লিষ্ট সকল ক্রু সদস্য জীবিত আছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাউদ আল-আতওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং ক্রুদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আল-আতওয়ান আরও জানান যে, ঘটনার পরিস্থিতি পর্যালোচনায় মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসাথে তিনি জনসাধারণ ও গণমাধ্যমকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছেন।











