বিশেষ প্রতিনিধি- বাংলাদেশ দূতাবাস, কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় শুক্রবার (২১ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী এক “স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ ক্যাম্প” সফলভাবে আয়োজিত হয়েছে। এই মহতী উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী কর্মীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে ক্যাম্পে আগত প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, রক্তে সুগার, ওজন ও সাধারণ শারীরিক পরীক্ষাসহ প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি, বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জরুরী ঔষধও সরবরাহ করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি উক্ত মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী বাংলাদেশী প্রবাসীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে এই বিশেষ ক্যাম্প আয়োজনে এগিয়ে আসা পেশাজীবী বাংলাদেশী প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, কুয়েতের ওয়াফরা সহ অন্যান্য এলাকার প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্যও ভবিষ্যতে একই ধরনের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সেবা গ্রহণকারীদের মধ্যে কুয়েতের আবদালীতে বসবাসরত এক শতাধিক প্রবাসী বাংলাদেশী কর্মীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হয় এবং তাঁদের দূতাবাসে যাতায়াতের জন্য পরিবহন সুবিধাও দেওয়া হয়। অন্যান্য এলাকা থেকে আগত চার শতাধিক বাংলাদেশী কর্মীকে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে সেবা প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশী কর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিশেষ এই ক্যাম্পটি সাফল্যের সাথে সমাপ্ত হয়।












