
কুয়েতে প্রবাসীদের জন্য সুখবর! এখন থেকে প্রবাসীরা তাদের পরিবারকে ভিজিট ভিসায় কুয়েতে আনতে পারবেন। এতদিন ধরে পারিবারিক ভিসার ক্ষেত্রে যে কঠোর বেতন-ভাতা বা পেশার শর্ত ছিল, তা বাতিল করা হয়েছে। কুয়েত সরকার বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে।
রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগের ইলেকট্রনিক সার্ভিসেসের পরিচালক কর্নেল আবদুল আজিজ আল-কান্দারি কুয়েত টেলিভিশনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন নিয়ম অনুযায়ী, পারিবারিক ভিসার মেয়াদ এক মাস হলেও এখন থেকে চতুর্থ-ডিগ্রি পর্যন্ত আত্মীয় এবং বিবাহের মাধ্যমে তৃতীয়-ডিগ্রি পর্যন্ত আত্মীয়দেরও আনা যাবে। আগে এই ভিসা কেবল স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের জন্য সীমাবদ্ধ ছিল।
কর্নেল কান্দারি আরও বলেন, এখন থেকে পরিবারসহ অন্যান্য ভিসা অনলাইনে ‘Kuwaitvisa‘ নামের নতুন প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন সম্পূর্ণ থাকলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ভিসা ইস্যু করা হবে।
কুয়েতে আসতে পারবেন যেকোনো এয়ারলাইন্সে
নতুন নিয়মে আরেকটি বড় পরিবর্তন এসেছে। কুয়েতে আসতে হলে এতদিন পর্যন্ত কুয়েত এয়ারওয়েজ বা আল-জাজিরা এয়ারওয়েজের মতো কুয়েতি ক্যারিয়ার ব্যবহার করার বাধ্যবাধকতা ছিল। এখন সেই শর্ত বাতিল করা হয়েছে। কর্নেল কান্দারি বলেন, “এখন সব ধরনের দর্শনার্থী যেকোনো স্থল, সমুদ্র বা বিমানপথে যেকোনো ক্যারিয়ার ব্যবহার করে কুয়েতে আসতে পারবেন।”
চার ধরনের ভিসা এবং পর্যটকদের জন্য নতুন নিয়ম
কর্মকর্তারা জানান, ‘Kuwaitvisa’ প্ল্যাটফর্মের মাধ্যমে চার ধরনের ভিসা ইস্যু করা হচ্ছে: টুরিস্ট, ফ্যামিলি, বিজনেস এবং সরকারি ভিসা। পর্যটকদের জন্য কান্দারি চারটি ক্যাটাগরির কথা উল্লেখ করেন।
- প্রথম ক্যাটাগরি: ৫৩টি দেশের নাগরিক, যাদের মধ্যে ৪১টি ইউরোপীয় দেশ, আটটি এশিয়ান দেশ (জাপান, ব্রুনাই, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, লাওস, কম্বোডিয়া এবং মালয়েশিয়া) এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অন্তর্ভুক্ত। এই দেশগুলোর নাগরিকরা অন-অ্যারাইভাল বা অনলাইনে সব ধরনের টুরিস্ট ভিসা পেতে পারেন। তাদের জন্য কোনো শর্ত পূরণ করতে হবে না। তবে অনলাইন আবেদন করলে নেতিবাচক নিরাপত্তা যাচাই থেকে রক্ষা পাওয়া যাবে।
- দ্বিতীয় ক্যাটাগরি: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বিদেশি বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন বা শেনজেন ভিসাধারীরা এই ক্যাটাগরিতে পড়বেন। যদিও পেশার শর্ত সম্প্রতি তুলে নেওয়া হয়েছে, তবুও অনলাইন আবেদনে কোনো ঝামেলা এড়াতে পাসপোর্ট কপি, ছবি, নিশ্চিত এয়ার টিকিট এবং হোটেল রিজার্ভেশন আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা এক মাস, দুই মাস বা তিন মাসের জন্য সিঙ্গেল-এন্ট্রি ভিসা অথবা তিন মাস, ছয় মাস বা এক বছরের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা পেতে পারেন। মাল্টিপল-এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রতিবার থাকার মেয়াদ এক মাসের বেশি হবে না।
- তৃতীয় ক্যাটাগরি: প্রথম দুটি ক্যাটাগরির বাইরে থাকা ব্যক্তিদের জন্য এই ক্যাটাগরি। এই ক্যাটাগরির নিয়মকানুন এখনো চূড়ান্ত বিবেচনাধীন। তবে তাদের আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে।
- চতুর্থ ক্যাটাগরি: এই ক্যাটাগরিতে যারা বিভিন্ন খেলাধুলা বা বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে কুয়েতে আসতে চান, তারা ইভেন্টের সময় আবেদন করতে পারবেন।
ব্যবসা ভিসার ক্ষেত্রে যেকোনো স্থানীয় সংস্থা বিদেশি ব্যবসায়িক অংশীদার বা দর্শনার্থীদের আনার জন্য আবেদন করতে পারে। ভিসা ফি নির্ভর করবে আবেদনকারীর জাতীয়তার ওপর।
আ হ জুবেদ











