ভাবছেন জমিতে হালচাষ হচ্ছে! মোটেও না। গ্রাম-গঞ্জেও আজকাল চাষাবাদে আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এটা ফুটবলের জন্য বরাদ্দ দেশের একমাত্র আন্তর্জাতিক ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কিন্তু এ মাঠের রক্ষণাবেক্ষণ সে মানের নয় মোটেও। সামান্য বৃষ্টিতে কাদায় একাকার হয়ে যায় মাঠ, আর সম্প্রতি ভারি বর্ষণে তো খেলাই বন্ধ রাখতে হয়েছে একাধিকবার! বৃষ্টির কারণে ফুটবল বন্ধ থাকার ঘটনা বিশ্বের আর কোথাও ঘটেছে বলে শোনা যায়নি। নিশ্চিতভাবে মাঠ পরিচর্যার জন্য মান্ধাতা আমলের যন্ত্রপাতি ব্যবহারও হয় না বিশ্বের আর কোনো আন্তর্জাতিক ভেন্যুতে, যা দেখে মনে হতে পারে হালচাষ হচ্ছে বুঝি! ২০১৫ সালের বাংলাদেশে যা অবিশ্বাস্য, হৃদয়বিদারকও!











