
ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদ্যস্যদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার-৪ আসনের ছয়বারের সাবেক এই সংসদ সদস্যকে মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
রাত ১টার দিকে ওসি বলেন, “আমরা এখনও তার বাসায় রয়েছি। তাকে গ্রেপ্তারের পর বাসায় তল্লাশি করা হচ্ছে। কোনও আলামত পাওয়া গেলে জব্দ করা হবে।”
আব্দুস শহীদ একাধিক মামলার আসামি, তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বলেননি ওসি।
মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ। শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পান ছয়বারের সাবেক এই সংসদ সদস্য ও সাবেক হুইপ।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
এরমধ্যেই সাবেক মন্ত্রী শহীদের গ্রেপ্তারের খবর দিল পুলিশ।
আব্দুস শহীদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জয়ী হন। এরপর ২০০৮ সালের নবম থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে আব্দুস শহীদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












