ডেস্ক রিপোর্ট- কুয়েত আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, আগামী বুধবার পর্যন্ত দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি এবং ধুলিকণা মিশ্রিত ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলের উপরিভাগে নিম্নচাপের প্রভাবে এই অস্থির আবহাওয়া তৈরি হয়েছে, যার ফলে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার বা তার বেশি হতে পারে, যা খোলা এলাকায় ধূলিঝড় সৃষ্টি করে দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাতাসের তীব্রতা বেশি থাকার কারণে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। বুধবারের পর থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











