
বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে।
গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।প্রায় ৬ ঘন্টা সময় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সচিবালয়ের দক্ষিণ গেটে পানির পাইভ লাইনের কাজ করবার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী ট্রাক চাপায় নিহত হন।

এদিকে অগ্নিকাণ্ড ঘটনা নাশকতা না শট সার্কিট থেকে সৃষ্ট তা জানতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবে।
কমিটির সদস্যরা হলেন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি। সদস্য সচিব হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।

কমিটির কার্যপরিধির বিষয়ে উল্লেখ করে বলা হয়েছে, এই কমিটি সংঘটিত অগ্নিকাণ্ডের ‘উৎস ও কারণ’ উদ্ঘাটন; অগ্নিদুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কি না, তা উদঘাটন এবং এ-জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রণয়ন করবে।

সচিবালয়ের সাত নম্বর ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে।অগ্নিকাণ্ডের খবর উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া উত্তরাঞ্চলের কর্মসূচী বাতিল করে ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব)এম শাখাওয়াত হোসেন,উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান পরিদর্শন করেন।











