কুয়েত প্রতিনিধি- কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ পালিত হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে দূতাবাসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এবং প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ আতিকুল মামুন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন – আদর্শ, চরিত্রে বিশ্বনবীর অনন্য গুণাবলি এবং বিশেষ করে মদিনা সনদ, হুদায়বিয়ার সন্ধি ও আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক চিঠিপত্র প্রেরণের মাধ্যমে শান্তিস্থাপনের দূরদর্শী পদক্ষেপগুলো স্মরণ করেন। সেই সাথে বিদায় হজের বাণী ও তাঁর প্রদর্শিত সত্য, ন্যায় এবং মানবসেবার শিক্ষা ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
শেষে, নবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের অঙ্গীকারসহ বাংলাদেশ ও বন্ধুপ্রতিম দেশ কুয়েতের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











